মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-এর সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র “সম্ভবত আরও ভালো অবস্থায়” থাকতে পারে। এতে করে দুই দেশের আলোচনায় আবারও অচলাবস্থার ইঙ্গিত মিলছে।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) তিনি বলেন, “সত্যি বলতে, হয়তো কোনো চুক্তিই না করাই আমাদের জন্য ভালো। কারণ আমরা এই বিষয়টি এভাবে চলতে দিতে পারি না।”
এর আগে একই দিন ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, ইরান ইস্যুতে তার সামনে দুটি পথ রয়েছে—একটি হলো সরাসরি কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ, আর অন্যটি হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।
এদিকে, একই দিনে তুরস্ক সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেন তিনি।
বৈঠকে আরাগচি বলেন, “ইরান এ যুদ্ধ শুরু করেনি। তবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা চালায়, তাহলে তা মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত।”
তিনি আরও বলেন, ইরান সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনে আগ্রহী, তবে সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে হুমকি ও উত্তেজনামূলক বক্তব্য থেকে সরে আসতে হবে।
তথ্যসূত্র: সিএনএন

