সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা ভান্ডারী আস্তানার সামনে পরিচালিত এ অভিযানে একজনকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ২০ হাজার টাকা এবং অপর একজনকে পেট্রোলিয়াম আইন,২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ বলেন,“জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসন নিয়মিতভাবে তদারকি করছে। কেউ অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা বাজারে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

