বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, ডিবি ও সোয়াটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই চারুকলা অনুষদ ও আশপাশের এলাকায় তল্লাশি, ব্যারিকেড এবং নিয়ন্ত্রিত প্রবেশের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়। শোভাযাত্রায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও দর্শনার্থীদের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, ডিবি, র্যাব ও সোয়াট সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও ভিড়ের মধ্যে নজরদারি করতে দেখা গেছে।
নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং চারুকলা অনুষদ, টিএসসি, দোয়েল চত্বরসহ আশপাশের এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এদিকে সকাল ৯টায় চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শাহবাগ থানা মোড় ঘুরে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় চারুকলায় এসে শেষ হবে।

