দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা থেকে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে বলা হয়, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া স্বল্পমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা আকাশ আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

