পলাশ মন্ডল,সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে “স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা” নিশ্চিত করার প্রত্যয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস।
এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন সহ ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার আধুনিক ও ডিজিটালাইজড সেবার উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারিয়াকান্দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

