তারকাদের দামী ও ব্যতিক্রমী উপহার দিয়ে ফের আলোচনায় এলো দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট চ্যানেল ‘চ্যানেল আই’। ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাতে এবার তুলে দেওয়া হলো প্রায় কোটি টাকা মূল্যের বিলাসবহুল ‘রোলেক্স’ ব্র্যান্ডের একটি ঘড়ি। এর আগে একই মঞ্চ থেকে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে বিশেষ উপহার হিসেবে একটি ‘সোনার কলস’ দেওয়া হয়েছিল।
গতকাল শনিবার (১৩ জুন) দুপুরে চ্যানেল আই স্টুডিওতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শাকিব খানের হাতে এই রাজকীয় উপহার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
অনুষ্ঠানে শাকিব খানকে যে ঘড়িটি উপহার দেওয়া হয়েছে, সেটি বিশ্বখ্যাত ব্র্যান্ড রোলেক্সের ‘রোজ গোল্ড এডিশন’। যার বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৯৭ হাজার টাকা। এমন অপ্রত্যাশিত ও মহামূল্যবান উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই শীর্ষ নায়ক।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাকিব খান জানান, বেশ কিছুদিন ধরেই তিনি ঠিক এই মডেলের একটি ঘড়ি কেনার কথা ভাবছিলেন। কিন্তু কেনার আগেই চ্যানেল আইয়ের পক্ষ থেকে এটি সারপ্রাইজ হিসেবে পেয়ে তিনি ভীষণ আনন্দিত।
শাকিব খান বলেন, “আমি কখনো ভাবিনি এত দামি উপহার একজন আরেকজনকে দিতে পারে, কিংবা একজন শিল্পীকে দেওয়া যায়। এটা আসলে সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব। কোনো শিল্পীর দুঃসময়ে পাশে দাঁড়ানো, চিকিৎসায় অর্থ সাহায্য কিংবা যেকোনো সহায়তায় আমি সবসময় চ্যানেল আইকে এগিয়ে আসতে দেখেছি। এতো দামি উপহারে শিল্পীকে সম্মান দেওয়া একমাত্র তাদের পক্ষেই সম্ভব। এই দামি ঘড়িটি এখন আমার কাছে এক অমূল্য সম্পদ। এই মায়া ও ভালোবাসার স্মৃতি আমি আজীবন আগলে রাখব।”
চ্যানেল আইয়ের পক্ষ থেকে তারকাদের এমন বড় সারপ্রাইজ দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিশেষ সম্মাননা ও উপহার হিসেবে একটি আস্ত ‘সোনার কলস’ উপহার দিয়েছিলেন ফরিদুর রেজা সাগর। সেই সময়ে উপহারটি পাওয়ার পর অপু বিশ্বাসও গণমাধ্যমে জানিয়েছিলেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান একটি প্রাপ্তি।
তারকাদের কাজে উৎসাহিত করতে এবং তাঁদের যথাযথ সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করতে চ্যানেল আইয়ের এই অভিনব উদ্যোগ বিনোদন অঙ্গনে বেশ প্রশংসিত হচ্ছে।

