জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের সংক্ষিপ্ত সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। সফরকালে তিনি কাতারের আমিরের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত প্রায় ৩টায় দোহা থেকে রওনা হয়ে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
গত ১৪ জুলাই স্পিকার সরকারি সফরে দোহা যান। কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানোই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
সফরকালে তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো শোকবার্তা তুলে দেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

