বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কড়াইল বস্তিবাসীদের উদ্দেশে বলেছেন, “এখানে আমরা বড় বড় উঁচু বিল্ডিং করে দিতে চাই। আপনাদের নামে ছোট ছোট ফ্ল্যাট রেজিস্ট্রি করে সরাসরি হস্তান্তর করতে চাই।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ড. জোবাইদা রহমান।
তারেক রহমান বলেন, আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। কিভাবে তাদের জীবনযাত্রা উন্নত করা যায়, তা আমাদের কাজ, লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি বলেন, আল্লাহ যদি তৌফিক দেন, মা-বোনেদের জন্য ফ্যামিলি কার্ড, গ্রামে থাকা কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, কড়াইলের সন্তানদের জন্য স্কুল, খেলাধুলার ব্যবস্থা ও মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি স্থানীয়দের চিকিৎসার জন্য ক্লিনিক ও হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে।
চেয়ারম্যান তারেক রহমান বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। অতীতে স্বৈরাচারের কারণে আমার বাড়ি ধ্বংস হয়েছিল। এখন আমরা এখানে আছি এবং অতীতের মতোই ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।”

