জাতীয় সংসদের সরকারি হিসাব-সংক্রান্ত স্থায়ী কমিটির (পাবলিক অ্যাকাউন্টস কমিটি-পিএসি) সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের।
সংসদের ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব রয়েছে। কমিটির সদস্যদের মধ্যে জামায়াতে ইসলামীর তিনজন এবং বিএনপির ১২ জন সংসদ সদস্য রয়েছেন।
পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংসদীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি। সরকারের আয়-ব্যয়, অডিট প্রতিবেদন, সরকারি অর্থের ব্যবহার এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের আর্থিক জবাবদিহিতা তদারকি করাই এ কমিটির প্রধান দায়িত্ব।
সংসদীয় বিধি অনুযায়ী, সরকারি ব্যয় নির্ধারিত নিয়ম অনুযায়ী হয়েছে কি না, বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়েছে কি না এবং অডিটে ওঠে আসা অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়ার ক্ষমতা রয়েছে এ কমিটির। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তিদেরও কমিটির সামনে হাজির হয়ে জবাব দিতে হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, গুরুত্বপূর্ণ এই কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে যাওয়ায় সংসদীয় জবাবদিহিতা ও আর্থিক তদারকি আরও কার্যকর হতে পারে। তাদের মতে, এতে সরকারের ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ বাড়বে এবং সংসদীয় কার্যক্রমে ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে, সংশ্লিষ্ট রাজনৈতিক মহলের আশা, সৈয়দ আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে কমিটি সরকারি অর্থ ব্যবস্থাপনা ও অডিট তদারকির দায়িত্ব কার্যকরভাবে পালন করবে এবং সংসদীয় জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

