শিক্ষার্থীদের শুধু পরীক্ষার ফলাফলনির্ভর প্রতিযোগিতা থেকে বের করে সৃজনশীল, উদ্ভাবনী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজের খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দমুখী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা শুধুমাত্র জিপিএ–৫ বা সর্বোচ্চ ফলাফলের পেছনে না ছুটে বাস্তব জ্ঞান ও সৃজনশীলতায় এগিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি, শারীরিক ও মানসিক অবস্থা এবং পাঠদানের বিভিন্ন দিক আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ ও পরিচালনা করতে পারবেন।
মন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা, সংস্কৃতি ও বিতর্ক কার্যক্রমকে পাঠ্যসূচির সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে শিক্ষাব্যবস্থাকে দক্ষতা ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে বোঝা হিসেবে না দেখে মানবসম্পদে রূপান্তর করাই সরকারের লক্ষ্য, যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশ আরও শক্ত অবস্থানে যেতে পারে।

