মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায়ে সন্তুষ্ট নয় রাষ্ট্রপক্ষ। রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
এর আগে একই দিন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেন, বিচার চলাকালে প্রসিকিউশন তাদের উপস্থাপিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। সে কারণেই শুরু থেকেই ইনুর সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছিল। তবে ঘোষিত রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয় এবং উচ্চতর আদালতে আপিল করে সর্বোচ্চ দণ্ডের আবেদন জানানো হবে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, জামায়াত ও শিবিরের বিরোধিতা করার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হাসানুল হক ইনুকে এ মামলায় আসামি করা হয়েছে।

