বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটি পরিকল্পিতভাবে ‘গুমের নাটক’ সাজিয়েছে এবং বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খানের দাবি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান এক বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন এবং পরে ওই নারীকে গর্ভপাত করাতে বাধ্য করেন। এরপর বিয়ে না করে আত্মগোপনে গিয়ে ‘গুমের নাটক’ তৈরি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ওই ঘটনার পর সংগঠনের পক্ষ থেকে সরকারকে দায়ী করে মিছিল ও রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে এবং গুমের সংস্কৃতি ফিরে এসেছে বলে দাবি করা হয়েছে।
বিরোধী দলের একটি অংশের বক্তব্যেরও সমালোচনা করে রাশেদ খান বলেন, একজন রাজনৈতিক নেতার এমন অবস্থান জনমনে প্রশ্ন তৈরি করে।
তিনি বলেন, গুম যেমন গুরুতর অপরাধ, তেমনি গুমের নামে মিথ্যা প্রচারণাও অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হওয়া উচিত।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-শিবির এখন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মতো আচরণ করছে এবং পরিস্থিতিকে ‘ভিকটিম কার্ড’ হিসেবে ব্যবহার করছে।
সবশেষে তিনি মন্তব্য করেন, যারা দেশে সহিংসতা ও দমনমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণই কঠোর অবস্থান নেবে।

