পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে চন্দনবাইশা ইউনিয়নে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনে ঘুঘুমারী এলাকার মৃত জয়নালের ছেলে মোস্তাকিন (১৫) নামের ৯ম শ্রেণির স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে নিহতের ঘটনা ঘটেছে। নিহত মোস্তাকিম নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টায় নওখিলা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ মে বিকেলে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ঘুঘুমারী গ্রামস্থ ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ চলার সময় খেলোয়াড় দের মধ্যে ফাউল করাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
উক্ত ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসার জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় উভয় পক্ষের লোকজন নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হলে হঠাৎ স্কুলের সামনে রাস্তার উপরে ঘুঘুমারী দক্ষিণপাড়া সাহা আলীর ছেলে সাহাদত (১৬), মৃত পাচু মন্ডলের ছেলে সাহা আলী, সিফার উদ্দিন মন্ডলের ছেলে মাহমুদুল হাসান লিখনরা উত্তেজিত হয়ে মোস্তাকিন (১৫) কে মারধর করার একপর্যায়ে অভিযুক্ত শাহাদত পেটে চাকু মেরে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, অভিযুক্তরা ভিকটিমকে মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। থানা পুলিশের একাধিক টিম অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছে। মামলার কাজ চলমান রয়েছে।

