রিজওয়ান, নওগাঁ:
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের অশোকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অসহায়, দরিদ্র ও খেটে-খাওয়া মানুষরা এতে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আনসারুল ইসলাম (ডিএমএফ, ঢাকা)। তিনি বাতব্যথা, চর্ম, যৌন, মা ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন জটিল ও দীর্ঘমেয়াদি রোগের রোগীদের চিকিৎসা ও পরামর্শ দেন।
এই মানবিক উদ্যোগের আয়োজন করেন ভ্যানচালক বেলাল হোসেন। তিনি জানান, অসহায় মানুষরা যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই তিনি নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে থাকেন। এর আগেও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেলাল হোসেনের এই মানবিক কার্যক্রম এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অনেকেই তাকে “মানবিক বেলাল” হিসেবে অভিহিত করছেন।

