বলিউড সুপারস্টার সালমান খান জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। প্রায় ৫২ বছর ধরে পরিবারের সঙ্গে বসবাস করা মুম্বাইয়ের ঐতিহাসিক ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ছেড়ে নতুন ঠিকানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পাওয়া নিরাপত্তা হুমকি এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট শুধু একটি বাড়ি নয়, এটি খান পরিবারের ইতিহাসের অংশ। ১৯৭৪ সালে চিত্রনাট্যকার সেলিম খান স্ত্রী সালমা খান ও সন্তানদের নিয়ে এখানে বসবাস শুরু করেন। সময়ের সঙ্গে পরিবারের অন্য সদস্যরা আলাদা বাড়িতে চলে গেলেও সালমান খান বাবা-মায়ের সঙ্গেই এই বাসায় থেকে যান।তবে সেই দীর্ঘ ৫২ বছরের সম্পর্ক এবার শেষ হতে চলেছে।
সালমান খান বর্তমানে বান্দ্রাতেই সমুদ্রের ধারে একটি ছয়তলা আধুনিক বাংলো নির্মাণ করছেন। ইতোমধ্যে ভবনটির জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদনও মিলেছে। নতুন বাড়িতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, অধিক ব্যক্তিগত গোপনীয়তা এবং পরিবারের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।
এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ধারাবাহিক হুমকি। গত কয়েক বছর ধরে সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০২৪ সালে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনাও দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর থেকেই তার নিরাপত্তা আরও জোরদার করা হয়।
যদিও সালমান খান নিজে এখনও নতুন বাড়িতে চলে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবু ভারতীয় গণমাধ্যমের দাবি—নির্মাণকাজ শেষ হলে পুরো খান পরিবার নতুন বাড়িতে স্থানান্তরিত হবে।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বহু বছর ধরেই ভক্তদের কাছে এক আবেগের নাম। ঈদসহ বিভিন্ন উৎসবে বারান্দায় দাঁড়িয়ে সালমান খানের ভক্তদের শুভেচ্ছা জানানোর দৃশ্য ছিল এক পরিচিত ঐতিহ্য। তাই এই বাড়ি ছেড়ে যাওয়ার খবর অনেক ভক্তের কাছেই আবেগঘন একটি অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

