ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪৫ জনে। আহত হয়েছেন ১২ হাজার ৬৬৬ জনেরও বেশি। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পার্লামেন্টের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ হতাহতের এই তথ্য প্রকাশ করেছেন। তবে এখনো কত মানুষ নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো হালনাগাদ তথ্য দেওয়া হয়নি।
গত ২৪ জুন উত্তর-মধ্য ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বহু ভবন ধসে পড়ে এবং সড়ক, হাসপাতাল, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং ৮৬ হাজারের বেশি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করেছে। ভূমিকম্পে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।
এদিকে দেশটির স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক চাপে পড়েছে। অনেক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক ও চিকিৎসাসামগ্রীর সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার অবনতিতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী দল ও মানবিক সংস্থা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছে। বহু এলাকা এখনো ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন।

