প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবহ পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ জুন) সকালে তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যেও তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সরকারের দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সফরের শুরুতেই তিনি কক্সবাজারের পিএমখালী এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে খাল এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়ে হাজারো মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
ইতিহাস অনুযায়ী, ১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই কর্মসূচির অংশ হিসেবে ১৯৭৯ সালের নভেম্বরে পাতলী খাল খননের উদ্বোধন করা হয়েছিল, যা আজও স্থানীয় জনগণের কাছে একটি গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচিত।
সরকারের বৃহত্তর জলসম্পদ উন্নয়ন পরিকল্পনার আওতায় পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় যৌথভাবে আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কর্মসূচি বাস্তবায়ন করছে। এর প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, পরিবেশবান্ধব বৃক্ষরোপণ এবং অবৈধ দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কক্সবাজারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

