মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি;
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর কাঁচাবাজারে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ভারী বর্ষণ হলে পুরো কাঁচাবাজার এলাকা পানিতে থইথই করে। এতে সবজি, ফলমূলসহ বিভিন্ন পণ্য পানিতে ভাসতে দেখা যায়। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
স্থানীয়রা জানান, বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকায় বছরের পর বছর এই দুর্ভোগ লেগেই আছে। সামান্য বৃষ্টি হলে বাজারের ভেতরের পথঘাট পানিতে ডুবে যায়, যার ফলে ব্যবসা পরিচালনা করা ও বাজার করা কঠিন হয়ে পড়ে। ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বাড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বাজারে সবজি ব্যবসায়ী আলী হোসেন বলেন, বৃষ্টি হলে দোকান সামলানো দায় হয়ে যায়। পানি উঠে সবজির উপর চলে আসে, ভারী বৃষ্টি হলে সবজিসহ অন্যান্য মালামাল পানিতে ভাস থাকে। এতে অনেক সময় পণ্য নষ্ট হয়ে যায়, আমরা বড় ধরনের লোকসানের মধ্যে পড়ি। এ সমস্যার সমাধান করা খুব জরুরি।
আরেক ব্যবসায়ী শাহজালাল বলেন, এ সমস্যাটা নতুন না। প্রতি বৃষ্টির মৌসুমে একই অবস্থা হয়। বাজারের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি দ্রুত সরতে পারে না। এতে বৃষ্টির সময় আমাদের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ে। বেশি বৃষ্টি হলে বাজারে হাঁটু পানি পর্যন্ত হয়ে যায়। এ সময় দোকানের মালামাল পানিতে ভাসতে থাকে
এরকম পরিস্থিতিতে ক্রেতাদেরও দুর্ভোগ কম নয়। সদর বাজারে বাজার করতে আসা গৃহিণী আসমা বেগম বলেন, বৃষ্টির দিনে পানির মধ্যে দাঁড়িয়ে বাজার করা খুবই কষ্টকর। কাদা-পানির কারণে ঠিকমতো হাঁটাও যায় না, আবার পরিষ্কার সবজি পাওয়াও কঠিন হয়ে পড়ে। বেশি বৃষ্টি হলে তো বাজারই করা যায় না।
একই বাজারে বাজার করতে আসা আবুল কালাম বলেন, বৃষ্টি হলে বাজারে ঢুকতেই পানি পড়ে। জুতা হাতে নিয়ে বাজারে হাঁটতে হয়। বেশি পরিমাণে বৃষ্টি হলে বাজারে ঢুকাই মুশকিল হয়ে পড়ে। বৃষ্টির সময় এভাবে নিয়মিত বাজার করা কষ্টকর। দ্রুত এই সমস্যার সমাধান করা দরকার।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ব্রাহ্মণপাড়া সদর কাঁচাবাজারের জলাবদ্ধতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে বাজারের ড্রেনেজ ব্যবস্থার সমস্যা চিহ্নিত করা হয়েছে। শিগগিরই পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

