মৌলভীবাজারে র্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল ২০২৬ দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কাশিনাথ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোডাউনে মাদক কেনাবেচার প্রস্তুতির খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
পরে গোডাউন তল্লাশি করে একটি পাটের বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাঁজা এবং একটি ব্যাগ থেকে ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন:
১) রতন ভাস্কর (৪৫), সদর, মৌলভীবাজার
২) মো. লালন মিয়া (৩৪), কেন্দুয়া, নেত্রকোনা
৩) মো. তৌহিদ মিয়া (৪৮), মাধবপুর, হবিগঞ্জ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আসামিদের মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান অব্যাহত থাকবে।

