আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা গ্রহণ করা হয়েছে। তার মতে, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের মূল ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ কাঠামো শক্তিশালী হলে গণতন্ত্রও আরও শক্তিশালী হবে।
মন্ত্রী আরও বলেন, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে, কারণ জনগণই দেশের প্রকৃত মালিক।
তিনি অভিযোগ করেন, বিগত সময়ে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা ধরনের দুর্নীতি ও অব্যবস্থাপনা হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

