সত্যজিৎ দাস:
সিলেট নগরীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র্যাব-৯ এর সদস্য ইমন আচার্য্য। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ক্বিনব্রিজ ও তোপখানা রোডসংলগ্ন বনবিভাগ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসাদুল আলম বাপ্পী নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও র্যাব সূত্র জানায়,দুপুর ১২টার দিকে ক্বিনব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করছিল কোতোয়ালি থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে সাদা পোশাকে দায়িত্ব পালনরত র্যাব সদস্য ইমন আচার্য্য ধাওয়া করে আটকানোর চেষ্টা করেন।
এ সময় অভিযুক্ত ব্যক্তি ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে পালানোর চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় সহকর্মী ও পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান,দায়িত্ব পালনকালে পুলিশের ধাওয়া খাওয়া এক সন্দেহভাজনকে আটকাতে গিয়ে র্যাব সদস্য ইমন ছুরিকাঘাতের শিকার হন। পরে অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির বলেন,পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে সে র্যাব সদস্য ইমনকে ছুরিকাঘাত করে। ঘটনার পরপরই তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,ছুরির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইমন আচার্য্যের মৃত্যু হয়েছে।
ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত র্যাব সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

