একদিনের সরকারি সফরে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের দিকে রওনা দেন তার গাড়িবহর। বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদের হুইপ জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরী, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সফরকালে তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ কর্মসূচির আওতায় নির্ধারিত ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে কার্ড বিতরণ করা হবে।
পরে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরও একটি অনুষ্ঠানে যোগ দেবেন, যেখানে অন্য একটি এলাকার উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
দিনশেষে বিকেলে তিনি সড়কপথে সিলেটে ফিরে আসবেন এবং সন্ধ্যায় দুসাই রিসোর্ট পরিদর্শন শেষে রাতে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলের সফর। সফরকে ঘিরে সিলেট ও মৌলভীবাজার এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

