মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সম্প্রতি অনুষ্ঠিত একটি মানববন্ধনে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আবদুল রহিম মল্লিক।
সোমবার (১৫ জুন) বেলা ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় আবদুল রহিম মল্লিক বলেন, একটি পক্ষ মানববন্ধনের মাধ্যমে তাকে ‘মামলাবাজ’ হিসেবে আখ্যায়িত করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গৌরিপাশা মৌজার খতিয়ান নং-৬০ এর ২৩৭, ২৩৮, ২৪২ ও ২৪৫ নম্বর দাগভুক্ত জমি নিয়ে বিরোধের সূত্রপাত। দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর দেশে ফিরে জমি পরিমাপ করলে তিনি ও তার উত্তরাধিকারীরা জমির মালিকানা পান বলে দাবি করেন। এ বিষয়ে আদালত তাদের পক্ষে রায় দিলেও প্রতিপক্ষ তা মেনে নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
আবদুল রহিম মল্লিক আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন সদস্য বিভিন্ন সময়ে তার ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। পাশাপাশি পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আবদুল কাদের মল্লিকের বিরুদ্ধে একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগও উত্থাপন করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।
তবে আবদুল রহিম মল্লিকের আনা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন গিয়াস মল্লিক ও কাদের মল্লিক। তাদের দাবি, আবদুল রহিম মল্লিকের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিনি এলাকার সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে একের পর এক মামলা করছেন। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই ক্ষতিগ্রস্তরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।”
উভয় পক্ষের পরস্পরবিরোধী দাবির মধ্যে বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে

