শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি:
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে পরিচালিত বহুমুখী প্রচার কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে শরীয়তপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার শাহিন মিয়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনা এবং দেশের ৬৮টি জেলা ও উপজেলা তথ্য অফিসের মাধ্যমে পরিচালিত প্রচার কার্যক্রম তুলে ধরেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা তথ্য অফিস, শরীয়তপুর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি জানান, সরকারের নির্বাচনি ইশতেহারের আওতায় ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে দেশব্যাপী প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১১ মে ২০২৬ পর্যন্ত সারাদেশে উঠান বৈঠক ও কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে ১ হাজার ২১টি, নারী সমাবেশ ২০২টি, চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/টিভিসি প্রদর্শনী ১১ হাজার ৬০টি, সড়ক প্রচার ও মাইকিং ৩ হাজার ২৪৮ ইউনিট, অনলাইন প্রচার ২ হাজার ৩১৬টি, কৃষক সমাবেশ ১৪টি, ফ্যামিলি সমাবেশ ২২টি, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ প্রচার ৩৪০টি এবং নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ১৪টি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া জেরিন, গণপূর্ত বিভাগ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার ও সাধারণ সম্পাদক নুরুল আমিন রবীনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

