“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনের পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেবেন। আগামী ১৩ মে পর্যন্ত চলবে এবারের পুলিশ সপ্তাহের কার্যক্রম।
এবারের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের আস্থা পুনর্গঠন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর বাণীতে বলা হয়েছে, দেশের স্থিতিশীল আইনশৃঙ্খলা নিশ্চিত করা উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অপরিহার্য। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদক বিস্তার রোধে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে পুলিশের সক্ষমতা বৃদ্ধিকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, পুলিশের সততা ও পেশাদারিত্বই রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসনের ভিত্তি। তিনি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি যেমন এআই, ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি ও ডিজিটাল ফরেনসিকস ব্যবহারে দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও পৃথক বাণীতে বাহিনীর সদস্যদের জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ সপ্তাহের বিভিন্ন অধিবেশনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। পাশাপাশি সাহসিকতা, অপরাধ দমন ও সেবামূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বিপিএম, পিপিএমসহ বিভিন্ন পদক প্রদান করা হবে।
বার্ষিক পুলিশ প্যারেডে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন, নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

