সত্যজিৎ দাস:
সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণা এবং দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,সিলেট জেলা সংসদ।
শনিবার (৯ মে) আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন ফকির।
সমাবেশে বক্তারা বলেন,দেশে হামে আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু জনস্বাস্থ্যের ভয়াবহ সংকটের বহিঃপ্রকাশ। তারা চলমান পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে টিকাদান কর্মসূচিতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।
বক্তব্যে মনীষা ওয়াহিদ বলেন,“হামে সাড়ে তিনশোর বেশি শিশুর মৃত্যু নিছক অস্বাভাবিক ঘটনা নয়,এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তের মাধ্যমে ইউনুস সরকার শত শত শিশুমৃত্যুর পথ তৈরি করেছে।”
সভাপতির বক্তব্যে মাশরুখ জলিল বলেন, “একটি শিশুকে ঘিরেই একটি পরিবারের স্বপ্ন গড়ে ওঠে। কিন্তু দেশের চিকিৎসা ব্যবস্থার অনিয়ম ও সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত না করলে এ সংকট থেকে উত্তরণের পথ খোলা থাকবে না।”
তিনি আরও বলেন,স্বাস্থ্যখাতের অনিয়মের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণরূপে সরকারিকরণের উদ্যোগ নিতে হবে।
সমাবেশ থেকে হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণা করে সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্র ইউনিয়নের নেতারা।

