রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে আজ এক অভূতপূর্ব ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবস পরিদর্শন করতে আসা নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীদের সাথে মিলিত হন প্রধানমন্ত্রী। এ সময় রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় ১৫০ জন ছাত্র এবং তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন:
“আমি নিজেও রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ছিলাম। আমার ছোট ভাই আরাফাত রহমান কোকোও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। আজ তোমাদের মাঝে নিজেকে দেখে আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর হবে। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সফলতা কামনা করেন। এ সময় তিনি হাস্যোজ্জ্বল মুখে ছাত্র ও শিক্ষকদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সাথে ছবি তোলেন।
উল্লেখ্য, বর্তমান সরকারের উদ্যোগে শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা দিতে স্কুল শিক্ষার্থীদের সংসদ পরিদর্শনের বিশেষ সুযোগ করে দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাননীয় শিক্ষামন্ত্রীর অনুরোধে স্পিকারের বিশেষ অনুমতিতে শিক্ষার্থীরা নিয়মিত সংসদ অধিবেশনে গ্যালারিতে উপস্থিত থাকার সুযোগ পাচ্ছেন।
আজ সংসদে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেই বিশেষ দিনটিতে তিনি নিজের প্রাক্তন কলেজের ছোট ভাইদের আমন্ত্রণ জানিয়ে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ করে দেন। সংসদ পরিদর্শনের শুরুতে শিক্ষার্থীদের জন্য ভবনের স্থাপত্যশৈলী ও সংসদীয় কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
নিজ কলেজের বড় ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে কাছে পেয়ে এবং তাঁর সাথে কথা বলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীরা। পরিদর্শন শেষে তারা সংসদ ভবনের বিশালতা ও গুরুত্ব সম্পর্কে গভীর অভিজ্ঞতা নিয়ে ফিরে যায়।

