ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীতে নতুন করে আরও কয়েকটি থানা স্থাপনের পরিকল্পনা চলছে। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, বাকি তিনটি থানার বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সংলগ্ন ৩০০ ফুট সড়ক এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, রায়েরবাজার এলাকায় একটি নতুন থানা গঠনের প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, যা দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকার অংশ নিয়ে আরও একটি থানা গঠনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বসুন্ধরা, ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার পুনর্বিন্যাস করে বসুন্ধরা নামে নতুন থানা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে খিলগাঁও এলাকাতেও নতুন থানার প্রস্তাব রয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, সংশ্লিষ্ট অনুমোদন পাওয়া গেলে এসব এলাকায় দ্রুত পুলিশিং কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি পূর্বাচল এলাকায় চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।

