টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরই নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি একমাত্র মেয়ে ঐশীকে কেন্দ্র করে জীবন কাটাচ্ছেন। ব্যক্তিগত সম্পর্ক ও একা থাকার অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন সময়ে তিনি প্রকাশ্যে আলোচনা করেছেন, তবে কখনো বিয়ের সিদ্ধান্ত নেননি।
রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে শ্রীলেখা আবারও ব্যক্তিজীবন নিয়ে অকপট মন্তব্য করেন। সেখানে তিনি লিখেছেন, “লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।”
এর আগেও বিয়ে ও প্রেম নিয়ে একই ধরনের মন্তব্য করতে দেখা গেছে তাকে। গত বছর এক সাক্ষাৎকারে তিনি দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই জানিয়ে বলেছিলেন, “এখনও এমন কাউকে পাইনি যাকে দেখে মনে হবে—এই তো সেই মানুষ। নিজের মতো করে জীবন চালাতে চালাতে এখন আর এসব ভালো লাগে না।”
শ্রীলেখা একা থাকার স্বাধীনতার বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেন, “টিভির রিমোট নিয়ে ঝগড়া, পাশে কেউ নাক ডাকছে—এগুলো এখন আর সহ্য করতে পারব না। কুকুরদের সঙ্গে থাকতেই ভালো লাগে। ওদের সঙ্গেই রাজার মতো থাকি।”
অভিনয়জীবনের বাইরে নানা খোলামেলা মন্তব্য এবং টলিউডের স্বজনপ্রীতি নিয়ে সমালোচনার মধ্যেও শ্রীলেখা বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনায়ও যুক্ত হয়েছেন। ‘এবং ছাদ’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালনার দিকে পদার্পণ করেছেন।

