স্পোর্টস ডেস্ক:
চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের পর নিজের খেলোয়াড়দের প্রশংসা করেছেন দলের প্রধান কোচ গুস্তাভো আলফারো। তার ভাষায়, এটি ছিল একটি ‘অসাধারণ’ পারফরম্যান্সের ম্যাচ, যা বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পরে জার্মানির হয়ে সমতা ফেরান কাই হাভার্টজ। অতিরিক্ত সময়েও ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে শেষ ষোলোতে জায়গা করে নেয় দক্ষিণ আমেরিকার দলটি। গোলরক্ষক অরল্যান্ডো গিল দুটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এছাড়া অতিরিক্ত সময়ে জোনাথন তাহর একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়ে যায়, যা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়।
ম্যাচ শেষে আলফারো বলেন, “পুরো ম্যাচটাই ছিল প্রচণ্ড চাপের। আমরা জানতাম, টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ও শিরোপার দাবিদারের বিপক্ষে খেলতে নামছি। কিন্তু আমার খেলোয়াড়রা ম্যাচ পরিকল্পনা দারুণভাবে বাস্তবায়ন করেছে এবং জার্মানিকে তাদের স্বাভাবিক খেলা খেলতে দেয়নি।”
তিনি আরও বলেন, গরম আবহাওয়া এবং টানা চাপের কারণে দলকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবুও খেলোয়াড়দের আত্মত্যাগ এবং লড়াইয়ের মানসিকতাই জয় এনে দিয়েছে। আলফারো হাস্যরসের সুরে বলেন, “আমরা কষ্ট না করলে যেন জয়ের মূল্যই থাকে না। টাইব্রেকারও ছিল ভীষণ নাটকীয়। এই জয় সেই সব প্যারাগুয়ানদের জন্য, যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন।”
এদিকে ম্যাচের নায়ক এনসিসোও আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, জার্মানির মতো শক্তিশালী দলকে তারা যথেষ্ট সম্মান দিয়েছেন, কিন্তু কখনো ভয় পাননি। সামনের প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, নিজেদের খেলার ধরন বজায় রেখে লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে দ্বিতীয়বারের মতো জয় পেল প্যারাগুয়ে। পরবর্তী রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স, যদি তারা নিজেদের ম্যাচে জয় পায়। আর শেষ আটে উঠতে পারলে ২০১০ বিশ্বকাপে করা নিজেদের সেরা সাফল্যের সমতা ছুঁয়ে ফেলবে প্যারাগুয়ে।

