ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং সমুদ্রবন্দরে অবরোধের মুখে থাকা ইরান-এর জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। ফলে এখন থেকে পাকিস্তানের ভেতর দিয়ে ইরানি পণ্য পরিবহন ও ট্রানজিট সুবিধা পাওয়া যাবে। খবর আল জাজিরা।
এ পদক্ষেপকে যুদ্ধ ও নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার যে কৌশল গ্রহণ করেছে, পাকিস্তানের এই সিদ্ধান্ত তা দুর্বল করতে পারে কি না এমন প্রশ্নও উঠেছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনার ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়েও বিশ্লেষণ চলছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে আঞ্চলিক অর্থনীতি ইতোমধ্যে চাপের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এ উদ্যোগ দুই দেশের বাণিজ্য সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত পাকিস্তান তেহরানকে এই সুবিধা দেওয়ায় ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কে নতুন কোনো টানাপোড়েন তৈরি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

