বিশ্বকাপে রেফারিং ও ভিএআর নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে বিতর্কে জড়ানোর বদলে তিনি রেফারিদের প্রতি সম্মান জানিয়ে বলেন, তার দলের মূল মনোযোগ প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে ম্যাচেই।
বুধবার কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘রেফারিদের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে।’ ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্বে আর্জেন্টাইন রেফারি দল থাকায় সাংবাদিকরা বিষয়টি নিয়েও প্রশ্ন করেন। জবাবে ফরাসি কোচ স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’
সম্প্রতি আর্জেন্টিনা ও মিশরের ম্যাচকে কেন্দ্র করে রেফারিং নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন সাবেক আন্তর্জাতিক রেফারিও এ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। তবে এসব আলোচনায় গুরুত্ব দিতে নারাজ দেশম।
মরক্কোর বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের ফল নিয়ে প্রতিশোধের বিষয়টি তিনি বিশ্বাস করেন না। তার মতে, ফুটবলে অতীত নয়, ম্যাচের দিনের পারফরম্যান্সই জয়-পরাজয় নির্ধারণ করে।
দেশম মরক্কোর প্রশংসা করে বলেন, দলটি ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে এবং নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের সামর্থ্যের প্রমাণ। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
এদিকে কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও মাইকেল ওলিসেকে নিয়ে ফ্রান্সের আক্রমণভাগকে বিশ্বের অন্যতম শক্তিশালী ধরা হলেও দেশম মনে করেন, মরক্কোর বিপক্ষে আরও নিখুঁত ফুটবল খেলতে হবে।
ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া দেশম আগেই জানিয়েছেন, চলতি বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়তে পারেন। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখন তার সমস্ত মনোযোগ শুধুই মরক্কো ম্যাচে, ভবিষ্যৎ নিয়ে নয়।

