রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সীমান্তঘেঁষা ধামইরহাট উপজেলায় ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানতে পারেন, এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক ভুক্তভোগী নারীর কাছ থেকে ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৬ মে ২০২৬ তারিখে অভিযুক্তকে আটক করে।
আটক ব্যক্তির নাম জামাল সরকার ওরফে জামিল (ডিবি জামিল) বলে জানা গেছে। তার পিতার নাম তালেব সরকার। তিনি দিনাজপুর জেলার বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তাকে ধামইরহাট উপজেলার মল্লিকা ইন এলাকার সামনে থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন স্থানে নিজেকে ডিবি বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে পুলিশ।

