বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১২তম আসরের নিলাম শুরু হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে বসেছে বহুল প্রত্যাশিত এই নিলাম। শুরুতেই কিছু চমক থাকলেও নিলামের নিয়মের কারণে শেষদিকে গিয়ে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে হয় নোয়াখালী এক্সপ্রেসকে।
বিপিএলের নিলাম বিধি অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ‘এ’ ও ‘বি’—দুই ক্যাটাগরি থেকে বাধ্যতামূলকভাবে ক্রিকেটার নিতে হয়। তবে নিলামের শুরু পর্যায়ে ‘বি’ ক্যাটাগরি থেকে কোনো খেলোয়াড় দলে নিতে পারেনি নোয়াখালী। এই অবস্থায় ভিত্তিমূল্যে শেষ পর্যন্ত তালিকায় থাকা দুই ক্রিকেটার—জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ৩৫ লাখ টাকা করে কিনতে বাধ্য হয় নোয়াখালী এক্সপ্রেস।
এর আগে নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন ওপেনার নাঈম শেখ। তাকে নিয়ে নিলামে প্রতিযোগিতায় নামে সিলেট টাইটানস, রংপুর রাইডার্স ও নোয়াখালী এক্সপ্রেস। তিন দলের লড়াই শেষে ১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস।
অন্যদিকে লিটন দাসকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স। তবে অভিজ্ঞ দুই ক্রিকেটার—মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম নিলামে অবিক্রিতই থেকে গেছেন। তারা ছিলেন ‘বি’ ক্যাটাগরিতে, কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই শেষ পর্যন্ত তাদের জন্য আগ্রহ দেখায়নি।
নিলামের শুরুতেই বড় অঙ্কের কেনাবেচার পাশাপাশি এই অবিক্রিত থাকা বেশ কয়েকটি নাম বিপিএলের এবারের বাজারকে দিয়েছে ভিন্ন মাত্রার চমক।

