ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে, তবে নতুন করে কোনো শান্তি আলোচনার বিষয়ে এখনো স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি।
এদিকে ইরান-এর পার্লামেন্ট স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে দেশটি যুদ্ধ পরিস্থিতিতে নতুন কৌশল নির্ধারণে কাজ করছে এবং চাপের মুখে কোনো আলোচনায় বসবে না।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন কোনো চুক্তি করার জন্য তিনি তাড়াহুড়া অনুভব করছেন না এবং বিষয়টিকে তাৎক্ষণিকভাবে জরুরি বলেও মনে করছেন না। তিনি ইঙ্গিত দিয়েছেন, বুধবার শেষ হতে যাওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও কম।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার অংশ হিসেবে পাকিস্তান সফরে যেতে পারেন।
এদিকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে। সম্প্রতি ইরানের একটি পণ্যবাহী জাহাজ জব্দের ঘটনায় হরমুজ প্রণালি এলাকায় যুক্তরাষ্ট্রের তৎপরতা বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।
অন্যদিকে, একটি মার্কিন সূত্র জানিয়েছে, ইসরাইল ও লেবানন-এর মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে।

