গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করে আধুনিক ও কার্যকর চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকের সংকটের কারণে অনেক মানুষ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান না। তবে তরুণ চিকিৎসকেরা দেশসেবার মানসিকতা নিয়ে কাজ করলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ এমন হওয়া উচিত, যেখানে চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসীর মৃত্যু হবে না, কোনো অন্তঃসত্ত্বা মা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হবেন না এবং কোনো নবজাতক প্রতিরোধযোগ্য কারণে প্রাণ হারাবে না। বিশ্বের জন্য অনুসরণযোগ্য একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে ডা. জুবাইদা বলেন, বাংলাদেশে প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৮৩। অর্থাৎ একজন চিকিৎসককে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর চিকিৎসাসেবা দিতে হয়। গ্রামীণ এলাকায় এই সংকট আরও প্রকট।
তিনি আরও জানান, প্রতি হাজার মানুষের বিপরীতে নার্সের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫৪৯। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী প্রতি হাজার মানুষের জন্য ২ দশমিক ২৮ জন চিকিৎসক এবং ১ দশমিক ৪৮ জন নার্স থাকা প্রয়োজন। পাশাপাশি সরকারি খাতে প্রায় ৬ হাজার ৫০০ মানুষের জন্য একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যখাতের এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মের চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের মানুষ এখন তাদের দিকেই আশা নিয়ে তাকিয়ে আছে। মেধা, নিষ্ঠা, পরিশ্রম এবং দেশপ্রেমের সমন্বয়ে তারা দেশের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসা পেশায় শুধু মেধা নয়, মানবিকতাও সমান গুরুত্বপূর্ণ। অসুস্থ মানুষের সেবা ও সুস্থতা নিশ্চিত করার মধ্যেই একজন চিকিৎসকের প্রকৃত সাফল্য, আত্মতৃপ্তি এবং জীবনের সার্থকতা নিহিত রয়েছে।

