যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের আলতাপোল গ্রামের ২৩ মাইল এলাকায় নববধূ তাসলিমা খাতুন (৩৫)-এর গর্ভে ৬ মাসের সন্তান থাকার অভিযোগে বিয়ের ১২ দিনের মাথায় তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়েছে স্বামীপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতবাড়িয়া ইউনিয়নের দত্তনগর গ্রামের তাসলিমা খাতুনের সঙ্গে আলতাপোল গ্রামের শহিদুল ইসলামের বিয়ে হয় মাত্র ১৫ দিন আগে। বিয়ের ১২ দিন পর স্বামীপক্ষ বিষয়টি জানতে পারে এবং পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি করিয়ে গর্ভে ৬ মাসের সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হয় বলে দাবি করা হয়।
এরপর নববধূকে দত্তনগর গ্রামে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে সাংবাদিকরা সেখানে গেলে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
পরে আলাপ হয় তাসলিমা খাতুনের দাদির সঙ্গে। তিনি জানান, মেয়েটির মানসিক সমস্যার কারণে আগে বিয়ে হয়নি। তিনি আরও দাবি করেন, গ্রামের এক চাচাতো ভাইয়ের সঙ্গে পূর্বে শারীরিক সম্পর্কের জেরে এই সন্তান আসে। তবে এ বিষয়ে স্বতন্ত্রভাবে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাটি প্রকাশের পর থেকে এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

