বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া অর্থবছরে দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।
এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা শতাংশের হিসাবে প্রায় ১৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের যে রেকর্ড গড়েছিল বাংলাদেশ, ২০২৫-২৬ অর্থবছরে সেই রেকর্ডও অতিক্রম করেছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা।

