ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ইরানবিষয়ক কৌশল কার্যত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি লেখক ও রাজনৈতিক বিশ্লেষক গিডিয়ন লেভি। মঙ্গলবার (৯ জুন) আল জাজিরায় প্রকাশিত এক বিশ্লেষণে তিনি এই মত তুলে ধরেন।
লেভির মতে, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে দুর্বল করার যে লক্ষ্য নেতানিয়াহু দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছেন, সাম্প্রতিক পরিস্থিতি ও ইরানের প্রতিরোধ সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।
তিনি বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক এজেন্ডার একটি বড় অংশজুড়ে ছিল ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে দুর্বল করা। তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার পরও বাস্তব অবস্থায় বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
লেভি আরও উল্লেখ করেন, নেতানিয়াহু হয়তো বুঝতে শুরু করেছেন যে তার কৌশল কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না, যদিও তিনি প্রকাশ্যে তা স্বীকার করছেন না।
ইসরায়েলের কিছু কট্টর ডানপন্থী নেতার যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এককভাবে সামরিক অভিযান চালানোর আহ্বান প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এমন অবস্থান বিপজ্জনক এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
তার মতে, ইসরায়েলের এককভাবে দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতা সীমিত এবং এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে।

