মো আলম, বান্দরবান প্রতিনিধি:
টানা বর্ষণে সৃষ্ট নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বান্দরবান সদরের দুটি এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব সাচিং প্রু জেরী এমপি।
বৃহস্পতিবার তিনি প্রথমে বান্দরবান সদর উপজেলার ৩ নং বান্দরবান সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোয়ালিয়াখোলার পাড়া এবং পরে ৪ নং সুয়ালক ইউনিয়নের লামার পাড়া এলাকা ঘুরে দেখেন। ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলি জমি ও রাস্তাঘাটের অবস্থা দেখে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে এমপি স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভাব-অভিযোগ শোনেন। নদীর তীরবর্তী বসতবাড়িগুলো চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে স্থানীয়রা তাকে জানান।
এসময় সাচিং প্রু জেরী এমপি বলেন, “নদী ভাঙ্গন একটি প্রাকৃতিক দুর্যোগ। সরকারের পাশাপাশি দলীয়ভাবেও আমরা মানুষের পাশে আছি। আপনারা ধৈর্য ধরুন, অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করে জরুরি ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দ্রুত পাঠানো হবে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসী এমপির এই পরিদর্শন ও আশ্বাসে সন্তোষ প্রকাশ করে দ্রুত কাজ শুরুর দাবি জানিয়েছেন।

