নিয়োগ পাওয়ার মাত্র ১০ দিন এবং কর্মস্থলে যোগদানের ৭ দিনের মাথায় মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
শুক্রবার (১৫ মে, ২০২৬) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, মৌলভীবাজার জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে আগামী ১৬ মে’র মধ্যে তাকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছেন।
গত ৫ মে দেশের ১২টি জেলার পুলিশ সুপার পদে রদবদলের অংশ হিসেবে মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ৮ মে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রত্যাহারের নির্দিষ্ট কারণ সরকারি আদেশে উল্লেখ করা না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বদলি নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে আলোচনা চলছে। তবে এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
এদিকে একই রদবদল প্রক্রিয়ায় এর আগে ফেনী ও পঞ্চগড়ের দুই এসপিকেও প্রত্যাহার করা হয়েছিল বলে জানা গেছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী প্রশাসনিক কার্যক্রম চলছে।

