সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জনসাধারণের জন্য ভূমি সেবা আরও সহজলভ্য করতে নতুন করে চালু হলো একটি সেবা কেন্দ্র।
সোমবার (২৭ এপ্রিল) ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (খলিল কম্পিউটার,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স)’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সরকারের উদ্যোগে স্থাপিত এ ধরনের কেন্দ্রের মূল উদ্দেশ্য হলো-ভূমি সংক্রান্ত সেবা পেতে গিয়ে সাধারণ মানুষ যেন দালাল বা তৃতীয় পক্ষের হয়রানির শিকার না হন। নতুন এই কেন্দ্রে নামজারি (মিউটেশন) আবেদন, সার্টিফাইড খতিয়ান সংগ্রহ,ভূমি উন্নয়ন কর (খাজনা) অনলাইনে পরিশোধ,ই-নামজারি সেবা এবং অন্যান্য ভূমি সংক্রান্ত অনলাইন আবেদন প্রক্রিয়াকরণসহ প্রয়োজনীয় ফরম বিক্রয় ও পূরণে সহায়তা দেওয়া হবে। সব সেবা সরকার নির্ধারিত মূল্যে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাঈমা নাদিয়া বলেন, মানুষের দোরগোড়ায় দ্রুত,সহজ ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দিতে এ ধরনের কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে জনবান্ধব সেবার পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে,কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে-সরকারি বিধি-বিধান মেনে নির্ধারিত ফিতেই সব ধরনের সেবা প্রদান করা হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

