চীনের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং পৌঁছেছেন। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে এ সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চীনের রাজধানী বেইজিং-এ অবতরণের পর তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও চীনা সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী।
ঢাকা ত্যাগের আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিদায় জানান। এ সময় দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
সফরকালে চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন মির্জা ফখরুল। আলোচনায় স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন, গ্রামীণ উন্নয়ন এবং সমবায় খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি প্রাধান্য পাবে।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, সফর সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

