ইসরায়েলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর একীভূত কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর কাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়ার একটি পর্যায় সম্পন্ন হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করা হবে।
আইআরজিসি সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল আগ্রাসন অব্যাহত রাখে, বিশেষ করে লেবাননে হামলা বাড়ায়, তাহলে তার জবাব আরও কঠোর ও বিস্তৃত হতে পারে।
এদিকে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ইসরায়েল ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সংক্ষিপ্ত ওই বার্তায় উভয় পক্ষকে দ্রুত সহিংসতা থামানোর পরামর্শ দেন, তবে বিস্তারিত কিছু জানাননি।

