হাম-রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে দিনাজপুরে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস।
বৃহস্পতিবার (বিকাল ৩টা ৩০ মিনিটে) দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা. আব্দুল জব্বার অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে দিনাজপুর জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। জেলার ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
সিভিল সার্জন ডা. আসিফ ফেরদৌস জানান, দিনাজপুর জেলায় মোট ২ লাখ ৭ হাজার ১০৩ জন শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় রয়েছে। তিনি বলেন, হাম-রুবেলা একটি সংক্রামক রোগ হলেও বর্তমানে জেলায় এর ঝুঁকি তুলনামূলক কম। তবে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ব্যাপক টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে সংগৃহীত ২২৩টি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১৫০টি নমুনা পরীক্ষা শেষে ৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে সুস্থতার পথে রয়েছে। বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একজন শিশু চিকিৎসাধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অভিভাবকদের উদ্দেশে বলেন, হাম-রুবেলার প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর, মুখমণ্ডল ফুলে যাওয়া ও ঘনঘন অসুস্থতা দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসক, নার্স ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

