রিজওয়ান,
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় ১০ বছরের এক শিশু বলাৎকারের শিকারে পরিণত হয়েছে। জানা যায়, মমিনুল হক (২৭) নামে এক মাদরাসা শিক্ষক ঐ শিশুকে বলাৎকার করেছে এই অভিযোগে ঐ বলাৎকারী কে আটক করেছে থানা পুলিশ।
সে পত্নীতলা উপজেলার বরইল এলাকার ফারুক হোসেন এর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টায় বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদরাসার শিক্ষক মমিনুল হক কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসার একটি কক্ষে নিয়ে গিয়ে বলাৎকার করে। প্রথমে শিশুটি ভয়ে চুপচাপ থাকলেও পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার স্থানীয়রা ওই শিক্ষককে বেঁধে রেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে থানা হেফাজতে আনেন। পরে মাদরাসা কমিটির সভাপতি নুরনবী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, আসামিকে আটক করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে কোর্টে প্রেরণের প্রক্রিয়া ও চলছে।

