অ আ আবীর আকাশ
আমার পাশে থাকবে তুমি
জড়িয়ে ধরে খাবে চুমি।
আমার নামে চোখের কোলে কাজল এঁকো
তোমার দেহের উষ্ণ দিয়ে জড়িয়ে রেখো
ঘুঘু ডাকা ক্লান্ত দুপুর গড়িয়ে যাবে
কখন আমি ফিরব বাড়ি, কাছে পাবে।
প্রেম প্রতীক্ষায় আজন্মকাল বালিকারা
চোখের ভেতর কোলাজ আঁকে দেয় ইশারা
রঙিন সুতায় সই ফোটাবে রুমালে
রূপালী প্রেম দিও আমায়, ঘুমালে।
রাগ-বিরাগের সময়টাতে তোমার বুকে ধরে
মুখের ভেতর আস্ত পাহাড় দিও আদর করে
খুলতে যদি হয় প্রয়োজন সোনার সেফটিপিন
দোষ দিও না কভু আমায়, কাটুক ক’টা দিন।
শ্যাম্পু মাখা চুল যদিবা গন্ধ ছড়ায় নাকে
বেলি ফুলের সুবাস ভেবো,শিমুল দেহের বাঁকে
ঘামে ভেজা বালিশটাকে ধুয়ে রোদে দিও
ছিটকিনিটা আস্তে খুলে ঘরে তুলে নিও।
কাঁচের চুড়ি পরলে তুমি দেখতে লাগে সেই
চুড়ির রিনিক বাজলে কানে হারিয়ে ফেলি খেই
তেল কমিয়ে রান্না করো হলুদ দিও কম
মুখ পোড়ে না লালবাবুতে, বেরিয়ে না যায় দম।
রাঁধতে গিয়ে আউলা চুল বেঁধো খোপা করে
ফিরলে ঘরে কাজ ফেলে সব, আদর দিও ভরে
আমার ভাবনা ভেবে তুমি বটিতে পা কাটলে
রিকশা লেগে ওড়না ছিঁড়ে উদাস মনে হাঁটলে।
তবেই আমি বুঝে নিবো থাকবে তুমি পাশে
তোমার প্রতি ভালোবাসা চলবে বারোমাসে।

