রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্টে মুক্তিযুদ্ধ সময়কালীন একটি মর্টালশেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোর্টের সংস্কার কাজ করতে গিয়ে শ্রমিকরা তা দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সেটা নিষ্ক্রিয় করেন।
জানা গেছে, আজ সকালে কোর্টের মাটি খনন করতে গিয়ে কর্মরত শ্রমিকরা মর্টারশেলটি দেখতে পান। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিহিত করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাজশাহী মেট্রোপলিটনকে জানান। পরে দুপুর দুইটার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমির পেছনে ফাঁকা মাঠে সেটি নিষ্ক্রিয় করে।
উদ্ধারকৃত মর্টার শেল কোন সময়ের হতে পারে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান মনে করেন এটি স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে।
তিনি বলেন, ‘উদ্ধারকৃত এই শেলটি অনেক পুরোনো এবং মরিচা ধরা ছিল। এটি কোন সময়ের সেটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিলো। এখানে পাক সেনাদের অবস্থানও ছিলো। তাই এই শেলটি তখনকারই হতে পারে বলে মনে হয়।’
শেলটি উদ্ধার ও নিস্ক্রিয় করার বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন টেনিস কোর্টের মেরামতের সময় সেখানকার শ্রমিকরা এই মর্টার শেলটি পায়। পরে মহানগর পুলিশের বোমা নিস্ক্রিয় দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে শেলটি নিস্ক্রিয় করে। নিরাপদভাবে এটি নিস্ক্রিয় করতে লোকালয় থেকে দুরে নিয়ে আসা হয়েছে এবং পাশেই রেললাইন থাকায় রেল কর্তৃপক্ষের সাথেও সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

