সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংলাপটি মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং সুইডেন দূতাবাসের সহযোগিতায় পরিচালিত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভাপতিত্ব করেন শিক্ষক রণজিৎ কুমার বর্মণ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।
সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা উপকূলীয় এলাকার নারী ও সাধারণ মানুষের নানা সমস্যা তুলে ধরেন।
উপকারভোগীরা জানান, লবণাক্ত পানিতে কাজ করার কারণে নারী শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং অনেক ক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। তারা কমিউনিটি ক্লিনিকে স্থায়ী চিকিৎসক নিয়োগের দাবি জানান।
অনেক বক্তা শ্রমস্থলে নারীদের জন্য স্যানিটেশন ব্যবস্থার ঘাটতির বিষয়টি তুলে ধরেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু কল্যাণ কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন।
গাবুরা এলাকার এক উপকারভোগী দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রগুলোকে নারীবান্ধব করার আহ্বান জানান।
ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু কমিটি গঠনের আশ্বাস দেন। প্রাণিসম্পদ কর্মকর্তা পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, উপকূলীয় মানুষের সমস্যা সমাধানে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা।

