সহিদুল করিম বিপ্লব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শতাধিক ডিম উৎপাদনকারী লেয়ার মুরগির খামারে প্রতিদিন আড়াই লাখেরও বেশি ডিম উৎপাদিত হচ্ছে। তবে উৎপাদন খরচ বৃদ্ধি ও রোগবালাইয়ের কারণে লোকসানের মুখে পড়েছেন খামারিরা।
উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা মিলিয়ে সরকারি নিবন্ধিত ৩৩টি সহ শতাধিক খামারে প্রায় চার লাখের বেশি লেয়ার মুরগি পালন করা হচ্ছে। এসব খামার থেকে প্রতিদিন দুই থেকে আড়াই লাখ ডিম উৎপাদিত হচ্ছে, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আশপাশের এলাকায় সরবরাহ করা হচ্ছে। খামার সংশ্লিষ্টদের মতে, এ খাতে ৩ থেকে ৪ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এম এ সবুর, কাউসার মিয়া, বকুল মিয়া ও মোখলেসুর রহমানসহ উদ্যোক্তারা প্রায় ১০০ বিঘা জমির ওপর আধুনিক লেয়ার খামার গড়ে তুলেছেন। এখানে প্রায় দুই লাখের বেশি মুরগি পালন করা হচ্ছে এবং প্রতিদিন গড়ে এক থেকে দেড় লাখ ডিম উৎপাদিত হচ্ছে।
খামারিরা জানান, উন্নত জাতের মুরগি ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়লেও খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও শ্রমিক খরচ মিলিয়ে মাসে তিন কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। পাশাপাশি রোগবালাইয়ে মুরগি মারা যাওয়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়ছে।
তাদের অভিযোগ, খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় লাভ কমে গেছে, অনেক খামার লোকসানে চলছে। পাশাপাশি সময়মতো চিকিৎসা ও সহায়তা না পাওয়ার অভিযোগও তুলেছেন তারা।
অন্যদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাস বলেন, খামারিদের জন্য সরকারি প্রশিক্ষণ, টেকনিক্যাল সেবা এবং নির্ধারিত মূল্যে টিকা সরবরাহ করা হচ্ছে। নিয়মিত তদারকি ও সহায়তা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

